সারা বাংলা

নাটোরে এনসিপির নির্বাচনি পদযাত্রায় হাতাহাতি

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জার্জিস কাদিরের নির্বাচনি পদযাত্রায় হাতাহাতি হয়েছে। এ ঘটনায় সমাবেশস্থলে সাময়িক উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি পদযাত্রায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্যের মধ্যে হাতাহাতি হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগমনের ঠিক আগমুহূর্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

নির্বাচনি পদযাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে, প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্ধারিত সময়ে না পৌঁছানোয় তপ্ত রোদের মধ্যে সাধারণ অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য চলাকালে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য মঞ্চে উঠলে নিচে অবস্থানরত কয়েকজন সদস্য হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চে উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও আয়োজকরা মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঞ্চে ওঠেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।