বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, “দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। থাকবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হেলিকপ্টারে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়ামে আসেন বিজিবির মহাপরিচালক। পরে ঝিনাইগাতী উপজেলার আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিজিবির মহাপরিচালক বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনকে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।”
এ সময় বিজিবি উত্তর-পূর্ব সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান, ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, সেনাবাহিনীর ৫৮ বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আমিন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার কামরুল ইসলাম, ডিজিএফআইর কর্মকর্তা, এনএসআইর কর্মকর্তা, ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন বিজিবি প্রধান।