লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরী করা ভোটের ছয়টি সিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জামায়াতে ইসলামীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “সোহেল রানা নামের যাকে আটক করা হয়েছে, সে জামায়াত কর্মী বলে জানতে পেরেছি। হয়তো তার পদ-পদবিও রয়েছে। একটি কম্পিউটারসহ ৬টি সিল জব্দ করা হয়েছে। এই ৬টি সিল কে বানিয়েছে? যারা বানিয়েছে, নিশ্চই এর পেছনে অনেক কলকব্জা রয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব-নিকাশ রয়েছে। এর বাইরে যে আরো অনেক জায়গায় সিল বানানো হয়, সে বিষয়ে প্রশাসনকে অবশ্যই সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এ ধরনের জালিয়াতি হচ্ছে, আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সিলের পাশাপাশি নিশ্চই ব্যালট বানানেরও ঘটনা ঘটতে পারে।”
তিনি বলেন, “সোহেলের সিল বানানোর পেছনে কার ইন্ধন—কোন প্রার্থীর, কোন নেতার ইন্ধন; কীভাবে এই সিলগুলো বানানো হলো, এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া, প্রত্যেক কেন্দ্রে যাতে জাল ভোট এবং জালিয়াতি করতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। সরকারকে, নির্বাচন কমিশনকে এ উদ্যোগ গ্রহণ করতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির নির্বাচন কার্যক্রমের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।