সারা বাংলা

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, অন্তঃসত্ত্বা দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে আগুন লেগেছে। এতে ভবনটির চতুর্থ তলায় বসবাসরত এক অন্তঃসত্ত্বা নারী দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে আগুন লাগে। পরে আদমজী ইপিজেড ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহত নারীকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। তার নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে আগুন লাগার খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ওই নারীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই ভবনের আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।