সারা বাংলা

নলডাঙ্গা ইউএনওর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনি মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মহড়া পরিচালনা করা হয়।

নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ জাগ্রত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করতেই এই কার্যক্রমের আয়োজন করা হয়।

মহড়ায় নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক মো. আশিকুর রহমান।

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাজির, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন।

মহড়া চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, ভোটকেন্দ্র ও জনবহুল এলাকায় টহল দেয়। নির্বাচনি দিন কীভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন তল্লাশি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশলও মহড়ার অংশ হিসেবে প্রদর্শন করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, “ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।”

খাজুরা এলাকার স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, মাহাবুল আলম ও গিয়াস উদ্দিনের মতে, প্রশাসনের এমন তৎপরতায় নির্বাচনি পরিবেশ আরো নিরাপদ ও স্বচ্ছ হবে।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে নলডাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন রোধে নিয়মিত তদারকি অব্যাহত আছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন বলেন, নির্বাচনকে ঘিরে নলডাঙ্গা উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।