গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নুসহ চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃত অন্য নেতারা হলেন- ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাদের হোসেন এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকন মন্ডল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের আদর্শ, শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহিদ বলেন, “গাইবান্ধা-৫ (ফুলছড়ি সাঘাটা) আসনে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের গণসংযোগে অসহযোগীতাসহ বিভিন্ন কারণে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণেই হয়তো দল তাদের বহিষ্কার করেছে।”