সারা বাংলা

বিএনপি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়: পুতুল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, “বিএনপি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়। ঘরে বসে যারা দেশ গঠনে ভূমিকা রাখছেন, তাদেরও স্বীকৃতি দেওয়া হবে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, “ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত রাখা হয়েছিল। ১৭ বছর দেশের মানুষ ভোটের জন্য অপেক্ষা করেছে। আগামী ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করবে।”

তিনি বলেন, “অনেকেই এখন ভোট চাইছেন, কিন্তু তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। কেউ কেউ বিএনপির নাম ভাঙিয়ে অন্য মার্কায় ভোট চাইছেন। বিএনপির নাম ব্যবহার করবেন না। আমরা দিনরাত পরিশ্রম করছি এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে।”

“আমরা দিনের পর দিন সংগ্রাম করেছি, স্বপ্ন দেখেছি একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার। সেই সুযোগ এবার এসেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের প্রতিটি মানুষ নিজের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন এবং নির্বাচিত সংসদের মধ্য দিয়েই গণতান্ত্রিক যাত্রা শুরু হবে,” যোগ করেন তিনি।

বিএনপির এই প্রার্থী বলেন, “অতীতে তথাকথিত রাজনীতিবিদরা রাজনীতিকে কলঙ্কিত করেছেন। আমাদের নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই পথে কেউ বাধা হলে জনগণ আর ছাড় দেবে না।”

জনসভায় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পু ও ইফতেখার আরশাদ প্রতীক উপস্থিত ছিলেন।