সারা বাংলা

বরগুনায় মাদকসহ স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আটক

বরগুনার তালতলীতে ইয়াবাসহ স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে আটক করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা শহরের মালিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. আবুল কালাম (৩৯) এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক আকন সবুজ (৪০)।

কালাম উপজেলার শহরের মালিপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে, সবুজ করাইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালী এলাকার মো. শাহালী আকনের ছেলে।

পুলিশ জানায়, নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা শহরের মালিপাড়া একটি পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় লেফটেন্যান্ট শাকিল মাহমুদের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এসময় মাদককারবারি আবুল কালাম ও ইসহাক আকনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, সিম কার্ড, মোবাইল ফোন, দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরবর্তীতে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। নৌবাহিনী পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করার পর আজ বুধবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।