নওগাঁয় জুনায়েদ (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালের ট্রলির ওপর রেখে দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহটি রেখে যান তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকাপ ভ্যানে করে দুজন লোক এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে গাড়ি থেকে ওই ব্যক্তিকে নামিয়ে ট্রলির ওপরে রাখেন তারা। পরে তারা দ্রুত পালিয়ে যান। এরপর ট্রলিতে থাকা ব্যক্তিকে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
বাপ্পি বলেন, “পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ওই দুই ব্যক্তিকে অনেক ডাকাডাকি করা হয়। তারা না শুনে দ্রুতই সটকে পড়েন।”
নিহত জুনায়েদের পরিচয় নিশ্চিত করেন নওগাঁ কাষ্টমসের সহকারী রাজস্ব কমিশনার রাশেদ। তিনি জানান, জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবার নাম মনজুরুল হক। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে ঢাকা কাস্টমসে কর্মরত ছিলেন। তার স্ত্রী নওগাঁর একটি কলেজের শিক্ষিকা। আজ সকালে ট্রেনে করে ঢাকা থেকে সান্তাহারে নামেন জুনায়েদ। এরপর আর কিছু জানা যায়নি। পরে হাসপাতালে থেকে তার পরিবারকে ঘটনাটি জানানো হয়।
জরুরি বিভাগের চিকিৎসক রেহেনুমা মুনমুন জানান, জুনায়েদকে মূলত মৃত অবস্থায় পান চিকিৎসক। প্রাথমিকভাবে তার হাত ও পায়ে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তার মৃত্যু বিষয়টি ময়নাতদন্তে শেষে নিশ্চিত হওয়া যাবে।
নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনাটি জেনেছেন তারা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।