সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট থানার পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নাবিলকে ছুরিকাঘাত করেন তার চাচাতো ভাই ইসলাম হোসেন। নিহত ও অভিযুক্ত দুজনই একই বাড়িতে বসবাস করতেন।”
অফিসার ইনচার্জ (ওসি) জানান, সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলাম হোসেন নাবিলকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী বলেন, “গুরুতর আহত অবস্থায় নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”