সারা বাংলা

মাদারীপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজার এলাকায় সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে রয়েছেন বেল্লাল বেপারি, মহিদুল মাতুব্বরসহ কয়েকজন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য (কলস প্রতীক) তার সমর্থকদের নিয়ে সদর উপজেলার কালির বাজার এলাকায় নির্বাচনি গণসংযোগে যান। একই এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার (ধানের শীষ প্রতীক) সমর্থকরা প্রচারে ছিল। এ সময় তারা মুখোমুখি হলে উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়।

ঘটনার পর কালির বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ধানের শীষ প্রতীকের সমর্থকদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের সমর্থকরা তাদের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরাই তার কর্মী ও তার ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনি মাঠে তার অবস্থান শক্ত হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।