সারা বাংলা

মোংলায় জামায়াতের ২৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বাগেরহাটের মোংলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে নির্বাচনি জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। 

সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মো. খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের ২৫ জন নেতাকর্মী বিএনপির জনসভায় উপস্থিত হয়ে বাগেরহাট-৩ আসনের বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দেন।

এ সময় শেখ ফরিদুল ইসলাম নবাগত নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেন এবং বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, ‘‘আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন এবং রাজনীতির বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে যোগ দিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে আরো শক্তিশালী ও গতিশীল করবেন বলে আমরা আশা করি।’’ 

সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।