বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাদের বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থাও করা হবে। জুলাই যোদ্ধাদের গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে।”
বুধবার (৪ জানুয়ারি) রাত ১০টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের আন্দোলনের ধরণ ছিল ভিন্ন, আর তরুণদের আন্দোলন ছিল আরো সাহসী ও দৃঢ়। এই সম্মিলিত আন্দোলনের ফলেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। এ জন্য জুলাই যোদ্ধাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি বলেন, “ফ্যাসিস্ট কায়দায় যারা অপরাধ করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। বিচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
ঠাকুরগাঁও জেলার উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “এটি একটি দরিদ্র জেলা। এখানে বড় কলকারখানা নেই। অতীতের সরকার রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। ব্যক্তিগত মালিকানায় ফার্ম প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার প্রসার এবং আইটি সেক্টরে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হবে, যাতে তরুণরা ঘরে বসেই আয় করতে পারেন।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাসও দেন।