সারা বাংলা

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন: সারজিসের প্রতিনিধিকে জরিমানা 

তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজারে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনি পথসভা করায় পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের এক প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রাত ৮টার পর মাইক ব্যবহার করে পথসভা করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পঞ্চগড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। এ সময় সারজিস আলমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সারজিস আলম ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক।   

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার রাত ৮টার পর মাইক ব্যবহার করে বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনি পথসভা চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচন আচরণ বিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে  আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইকের ব্যবহার করতে বলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, “আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণ বিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের আচরণ বিধি সম্পর্কে অবগত হতে সতর্ক করা হয়েছে।”