সারা বাংলা

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে আহত ৩

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র সাইফুল ইসলাম ফিরোজ ও বিএনপি প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে পাশাপাশি বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দুটি নির্বাচনি অফিস রয়েছে। বুধবার সন্ধ্যায় বাজারে উভয়পক্ষের সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আহত হন তিনজন। তাদরে মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুকুরিয়া বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, “আমি এ ধরণের কোনো ঘটনার খবর জানি না। খোঁজ নিয়ে জেনে তারপর এ বিষয়ে কথা বলব।”

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “বিভিন্ন এলাকায় বিনা উস্কানিতে আমার নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি আগেও প্রশাসনকে এসব বিষয়ে অভিযোগ জানিয়েছি। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। বুধবার আমার কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এই পরিবেশ চলতে থাকলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হবে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, “দুপক্ষের সমর্থকদের কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি সাভাবিক রয়েছে।”