ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে জসিম উদ্দিন (৩০) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালি গ্রামের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টায় ঘাঁস কাটার জন্য বাড়ি থেকে বের হন জসিম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালি গ্রামের ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জসিমের প্রতিবেশী জহিরুল ইসলাম জহির জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”