ময়মনসিংহের গফরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই ছাত্রদলের কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। একই দিন গ্রেপ্তারি পরোয়ানায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামোনিশন, একটি গ্যাস পিস্তল, ৭.৬৫ মিলিমিটার ন্যাটো (মেড ইন ইউএসএ) পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা, চারটি ছেনি ও তিনটি ছুরি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উথুরা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো. কামরুল ও মো. ছাব্বির হোসেন। দুজনই ছাত্রদলের কর্মী। এদিকে গ্রেপ্তারি পরোয়ানায় গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের রইস উদ্দিনের ছেলে মো. মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উথুরা গ্রামে অভিযান চালিয়ে সহোদর দুই ভাই ছাব্বির ও কামরুলকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এদিকে একই দিন রাতে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।