উত্তরাঞ্চলের অবহেলিত জনপদকে দেশের অর্থনৈতিক হাবে পরিণত করতে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এ পরিকল্পনার কথা জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “মহানন্দাসহ উত্তরাঞ্চলের নদীগুলো আজ কঙ্কাল মরুভূমিতে পরিণত হয়েছে। ক্ষমতায় গেলে এই নদীগুলোকে ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হবে। নদীগুলোকে কেন্দ্র করে নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।”
পানির অভাবে উত্তরাঞ্চলের মরুভূমিকরণ রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “পদ্মায় যেখানে বাঁধ বা ব্যারেজ নির্মাণ করলে বাংলাদেশ তার পানির ন্যায্য হিস্যা পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে।”
জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, “এ অঞ্চলে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার নেই। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আম ও লিচুসহ সব পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার তৈরি করা হবে।”
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করতে ডা. শফিকুর রহমান জানান, উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রয়োজনীয়তা যাচাই করে নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যেখানেই উচ্চশিক্ষার ঘাটতি রয়েছে, সেখানেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।