চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে ছয় দিন ধরে চলতে থাকা শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হওয়া অচলাবস্থার অবসান হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর ভবনে আন্দোলনরত শ্রমিকদের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খান বলেন, “শ্রমিক নেতাদের বদলি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন নৌ উপদেষ্টা। তাই দুদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। নৌ উপদেষ্টার আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে রবিবার থেকে আবার কর্মবিরতি চলবে।”
এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে তিন দিন আট ঘণ্টা করে এবং মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন তারা।