সারা বাংলা

ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভাধীন হাজীপুর এলাকায় জহিরুল ইসলাম হৃদয় নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এতে দুই কনস্টেবল আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ডিবির ব্যবহৃত মাইক্রোবাস। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিবির গাড়িতে হামলা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাজীপুর এলাকার শহীদ উল্যাহর ছেলে জহিরুল ইসলাম হৃদয় (২৮), হৃদয়ের ভাই এনামুল হক সজিব (২২), মা আলেয়া বেগম (৪৫) ও তার স্ত্রী সুইটি আক্তার (২১)। 

ডিবি সূত্র জানিয়েছে, বুধবার রাতে চৌমুহনী পৌরসভাধীন হাজীপুর থেকে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম হৃদয়কে আটক করে ডিবির একটি দল। হৃদয়কে গাড়িতে তোলা হলে তাকে ছিনিয়ে নিতে তার মা, স্ত্রী ও ভাই প্রথমে গাড়ির সামনে শুয়ে পড়েন। পরে তাদের নেতৃত্বে একদল লোক গাড়িতে অতর্কিতে হামলা চালান। হৃদয় গাড়ির গ্লাসে লাথি দিয়ে ভেঙে ফেললে অন্যরাও গাড়িতে হামলা চালান। এতে ডিবির কনস্টেবল শাহাদাৎ হোসেন ও মঞ্জুরুল ইসলাম আহত হন। পরে ডিবির আরেকটি দল ও বেগমগঞ্জ মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে গ্রেপ্তার করে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বলেছেন, আহত দুই কনস্টেবলকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চারজনের বিরুদ্ধে ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মাদক ব্যবসা এবং সরকারি কাজে বাধার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলাগুলোতে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।