ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর রাতে নিজ এলাকার এক নির্বাচনি জনসভায় তিনি প্রশাসনের প্রতি কড়া বার্তাও দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন) আসনের প্রার্থী রুমিন ফারহানা প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া অভিযোগপত্রে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনি এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন। এর আগেও অনেকবার বিএনপি দলীয় জোট প্রার্থীর নানা অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
বিএনপি থেকে বহিষ্কার হওয়া ওই নেত্রী অভিযোগপত্রে আরো উল্লেখ করেন, ইউএনওর পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ভোট হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএনওর বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করা আছে, উল্লেখ করে অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালী শিমুল গ্রামে নির্বাচনি জনসভায় রুমিন ফারহানা বলেছেন, “আমাদের এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। এই সরকারের সময় আমি পুলিশ প্রশাসনকে বলব, আপনারা নিরপেক্ষ থাকেন। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না।”
তিনি আরো বলেন, “প্রশাসনকে বলব, জনবান্ধব আচরণ করেন। আমলা হইছেন মানে রাজা হইয়া যান নাই। মাথায় রাখবেন, আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। সুতরাং, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে, নম্রভাবে; তাদের যা সমস্যা, আইন অনুযায়ী সমাধান করার দায়িত্ব আপনাদের। পুলিশ, প্রশাসন, বড় দলগুলোর সবাইকে বলতে চাই, মানুষের ক্ষমতা ৫ আগস্ট, ২০২৪-এ দেখেছেন। সুতরাং, মানুষকে ক্ষেপাবেন না। মানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না। মানুষের প্রতিনিধিকে ফাউল করে সরানোর চেষ্টা করবেন না। এ চেষ্টা যদি কেউ করে, তাহলে এর দাঁতভাঙা জবাব আমার এলাকার মানুষ দিয়ে দেবে।”