কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন তার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারের উদ্দেশে পিপুলবাড়িয়া বাজারে গেলে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএনপি সমর্থক মো. হামিদ মোল্লার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। পরে জামায়াতের লোকজন পাল্টা হামলা চালায়।
সংঘর্ষে আহত বিএনপি কর্মীরা হলেন- লিটন (৩৫), তবিবুর রহমান (৫০) ও বিপ্লব হোসেন (৩২)। জামায়াত কর্মীরা হলেন- শরিফুল ইসলাম (৩২), আমিরুল ইসলাম (৫০), হাসান (২৮), শফিউল ইসলাম (৫৫), সাকিল (২৫), ইব্রাহিম (৫২), বিপুল (৩০) ও ইমন (২৮)।
দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন দাবি করেন, প্রচারের সময় জামায়াত সমর্থকরা তাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বুলবুল বলেন, “জামায়াত প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন নির্বাচনি প্রচারে গেলে বিএনপি সমর্থকরা হামলা চালিয়ে আমাদের কর্মীদের আহত করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, “সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”