ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের মেহেন্দিগঞ্জে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
প্রিয় নেতাকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করবেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম।
অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সমাবেশস্থলে।
জামায়াতের নেতাকর্মীরা জানান, দলীয় প্রধানের সমাবেশকে কেন্দ্র করে উজ্জীবিত হয়ে উঠছেন সবাই। এই সমাবেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে এমটি মনে করছেন তারা।
এদিকে, জামায়েত ইসলামীর সমাবেশের দুইদিন আগে থেকে আরসি কলেজ মাঠ ও তার আশপাশ এলাকা ছেয়ে গেছে ধানের শীষের ফেস্টুন ও ব্যানারে। বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থী রাজিব আহসানের ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে মাঠের চারিদিক এবং সমাবেশস্থলে আশেপাশের পথে অভিযোগ করেছেন জামায়াতের নেতারা।
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শহিদুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। তাদের উচিৎ ছিল আমাদের দলীয় প্রধানের আগমনের অনুষ্ঠানে সহযোগিতা করা। উল্টো তারা এখানে পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝামেলা করতে চাচ্ছে। এ আচরণ অগণতান্ত্রিক। এমন দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা জনগণের সাথে কেমন আচরণ করবে এটি তার একটি নমুনা।”
এ বিষয়ে জানতে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।