১১ দলীয় জোট সরকার গঠন করলে হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৪ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুর রহিম।
তিনি বলেছেন, “শুধু হিন্দুদের মন্দিরের নিরাপত্তা নয়, তাদের যেকোনো আপদে-বিপদে আমরা পাশে দাঁড়াব।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ মাঝিপাড়ায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলা হিন্দু সম্প্রদায়ের লোকজন এই সমাবেশের আয়োজন করে।
উপস্থিত হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভয়ে আর ভারতে পালিয়ে যেতে হবে না। আপনারাও এই দেশের মালিক; নির্ভয়ে ও স্বাধীনভাবে সব কাজ করতে পারবেন। আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব।”
ডা. আব্দুর রহিম বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে ক্ষমতার অপব্যবহার করা হবে না। মিথ্যা মামলা দেওয়া হবে না। কাউকে হয়রানি, চাঁদাবাজি, কারো ভূমি দখল করা হবে না। তাই সুন্দর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।”