বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ নিজ উপজেলায় নির্বাচনি জনসভায় অংশ নিতে কুলাউড়ায় আসছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। তাঁর আগমন উপলক্ষে মাঠের প্রস্তুতি প্রায় শেষের পথে। সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার সকালে মাঠে গিয়ে দেখা যায়, সাদা কাপড়ের বেস্টনী দিয়ে সাজানো হয়েছে পুরো মাঠ। সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ।
দলের নেতারা জানান, জামায়াত আমির প্রথমে হবিগঞ্জ শহরের জনসভায় যোগ দেবেন। তারপর হেলিকপ্টার যোগে আসবেন কুলাউড়ায়।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী বলেন, “আশা করছি, দলমত নির্বিশেষে সব মানুষ জনসভায় উপস্থিত হবেন। আমাদের নেতা তার নিজ উপজেলায় আসছেন তাই ব্যপক সাড়া পড়েছে।”
তিনি আরো বলেন, “জনসভার শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা মনে করি, এই জনসভায় প্রচুর লোকের আগমন ঘটবে।”
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, “জামায়াত আমিরের জনসভায় শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত।”