হবিগঞ্জে অভিযান চালিয়ে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি সড়কের পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবি টহলদল ফেলে যাওয়া ট্রাক তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে ভারতীয় কসমেটিকস ও বিপুল পরিমাণ ওষুধ পায়। পাচারের উদ্দেশ্যে আনা কসমেটিকস ও ওষুধসহ যানবাহনটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত পণ্য কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে বলে বিজিবি জানিয়েছে।