নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল, নড়াইল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানভীর সিদ্দিকী আশিক এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ কে সাংগঠনিক পদ এবং বাকিদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।