গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক খান এবং কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানসহ জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে মহানগর ও কাশিমপুর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই দেশের জনগণের আশা-ভরসার দল। তাই বিএনপির পতাকাতলে এসে সক্রিয়ভাবে কাজ করে যাবেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন৷ আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি।”