বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ–শরণখোলা) আসনে বিএনপির প্রার্থী বাবু সোমনাথ দে বলেছেন, “সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দা ও বনের ওপর নির্ভরশীল জেলে-বাওয়ালিদের মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা বেড়েই চলছে। এবার নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে দুই মাসের মধ্যে সুন্দরবন থেকে ডাকাত নির্মূল করা হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের শরণখোলা পাইলট স্কুল মাঠে জনসভায় এ কথা বলেন তিনি।
বাবু সোমনাথ দে বলেন, “শরণখোলাসহ উপকূলীয় এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা নিরাপদ পানির সংকট। আমরা ক্ষমতায় গেলে এই সংকট অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।”
তিনি বলেন, “ভোটের অধিকার ছাড়া গণতন্ত্র অর্থহীন। পরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতেই বিএনপি মাঠে নেমেছে।”
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, শরণখোলা উপজেলা যুবদল আহ্বায়ক ইব্রাহিম মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আল আমিন খান।