সারা বাংলা

সিলেটে বিএনপি প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ ওসির বিরুদ্ধে

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগটি দাখিল করেন। অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

অভিযোগপত্রে বলা হয়, আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের হয়রানি করছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত কর্মকর্তা অন্য এক প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন এমন ধারণা তৈরি হয়েছে। এতে করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে এয়ারপোর্ট থানার আওতাধীন ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে বলা হয়।

এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই আমরা এই অভিযোগ দাখিল করেছি। একজন পুলিশ কর্মকর্তা যদি কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করেন, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের কর্মী-সমর্থকদের অহেতুক হয়রানি করা হচ্ছে।’’

তিনি জানান, লিখিত অভিযোগের মাধ্যমে তারা এ বিষয়ে দ্রুত প্রতিকার চেয়েছেন এবং নির্বাচনি মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে শাহ মুবাশ্বির আলীকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।