সারা বাংলা

রিকশা-ভ্যানে চড়ে জনতার দ্বারে মির্জা ফখরুল

কখনো রিকশা, কখনো বা ভ্যানে চড়ে এবড়োথেবড়ো গ্রামীণ রাস্তা পেরিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ও বেগুনবাড়ি ইউনিয়নের গ্রামগঞ্জে এভাবে নির্বাচনি প্রচার চালান তিনি।

দুপুরে গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় মির্জা ফখরুল স্পষ্ট জানান, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়। আসন্ন ‘হ্যাঁ-না’ ভোটকে সংস্কারের মাপকাঠি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “দেশটা কিছু খারাপ লোক নষ্ট করে ফেলেছে। এখন রাষ্ট্র মেরামতের পালা। আপনারা সংস্কার চাইলে ‘হ্যাঁ’ বাক্সে সিল দিন।”

বিএনপির মহাসচিব বলেন, তার দল ক্ষমতায় গেলে ৫০ লাখ মায়ের জন্য বিশেষ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য আলাদা কার্ড, যার মাধ্যমে সস্তায় সার, বীজ ও সেচের জল নিশ্চিত করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ এবং মায়েদের এনজিও ঋণের বোঝা সম্পূর্ণ মওকুফের আশ্বাস দেন তিনি।

আগামী দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, ‘‘এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই এ দেশের নাগরিক। আপনারা নিজেদের অধিকার নিয়ে রুখে দাঁড়ান, বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”