সারা বাংলা

‘দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব হবে’

‘‘দেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এ জন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’’

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি মিছিল পূর্ব জনসভায় সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক এ কথা বলেন। 

মুহাম্মদ আব্দুল খালেক বলেন, ‘‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। দেশের ন্যায় সাতক্ষীরাতেও জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে, বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে।’’ 

নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের ঠাঁই হবে না উল্লেখ করে মুহাম্মদ আব্দুল খালেক। 

জামায়াতের এই প্রার্থী বলেন, ‘‘‘জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেওয়া যাবে না। প্রশাসনের ভেতরে ও বাইরে নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।’’

সাতক্ষীরা-২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান প্রমুখ।

মিছিলটি শহীদ আব্দুল রাজ্জাক পার্ক থেকে বের হয়ে প্রেস ক্লাব, বড়বাজার রোড হয়ে তুফান মোড়, নিউমার্কেট মোড়, কোটচত্বর, আসিফ চত্ত্বর, খুলনারোড মোড় হয়ে নারকেলতলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।