সারা বাংলা

সিলেটে সেই ওসির বিরুদ্ধে এবার তদন্ত কমিটি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগের বিষয়ে তদন্ত করছে এসএমপি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ‘‘বিএনপির অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আফজাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’ 

ওসি শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে সিলেট–১ (নগর ও সদর) আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিএনপি।

এ নিয়ে রবিবার দুপুরে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা এবং এসএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।

অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয় জানায় বিএনপি।

অভিযোগে বিএনপি জানায়, আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরুর পর থেকে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী–সমর্থকদের হয়রানি করছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনি প্রচারে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।

লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, ওসি অন্য এক প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন এমন ধারণা তৈরি হয়েছে। এতে করে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে এয়ারপোর্ট থানার আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে বলা হয়।