মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাঁচামালবাহী একটি পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়ারা হলেন- যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে পিকআপ ভ্যানের চালক সুজন (৩৭) এবং খুলনার ডুমুরিয়া এলাকার বাসিন্দা জীবনের ছেলে ইছারুল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে পিকআপ ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। নিমতলা আন্ডারপাসের ওপর ঢাকামুখী অজ্ঞাত একটি গাড়ি পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই চালক সুজন মারা যান। শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ইছারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান এবং নিহতদের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।