নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আড়াইহাজার উপজেলার ইলুমদী এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন প্রার্থী নিজেই। তিনি হামলার পেছেনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের অনুসারীরা জড়িত বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আঙ্গুর জানান, বিকেলে দুপ্তারা ইউনিয়নে গণসংযোগ শেষে তিনি ফিরছিলেন। গাড়ির পেছনে তার কর্মী-সমর্থকরাও ফিরছিলেন। তিনগাঁ এলাকায় তারা হামলার শিকার হন। এ সময় সাতটি গাড়ি ভাঙচুর করা হয় এবং তার কর্মী-সমর্থকদের পেটানো হয়। অন্তত সাতজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
আঙ্গুর বলেন, “ঘটনার পরপরই আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। আমি প্রশাসনকে বলব, আপনারা নির্বাচনের লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরি করেন। যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।”
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া। তিনি বলেন, “এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত না। আমরা আড়াইহাজার সদরে জনসভায় ছিলাম। এই ঘটনা শুনছি, আপনাদের মাধ্যমে। স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাদের কল দিয়ে জিজ্ঞেস করেছি। তারাও জানিয়েছে, তারা এ বিষয়ে অনেক পরে জেনেছে। এইসব ঘটনায় আমরা কেউ নাই।”
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “আমরা মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দুই-তিনজন সামান্য আহত হয়েছেন বলে জেনেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”