খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের অতি দুর্গম এলাকায় অবস্থিত তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়। খাগড়াছড়ি আসনে এই কেন্দ্রগুলো সবচেয়ে বেশি দুর্গম হিসেবে বিবেচিত।
সূত্র জানায়, দুপুরে প্রথমে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের হেলিপ্যাড থেকে নির্বাচনি সরঞ্জম নিয়ে হেলিকপ্টার উড়ে যায় দুর্গম শুকনাছড়ি কেন্দ্রে। পরে একই হেলিকপ্টারে করে লক্ষীছড়ির ফুত্যাছড়ি এবং দীঘিনালার নাড়াইছড়িতে পাঠানো হবে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, শুধু ব্যালট বাক্স ও নির্বাচনি সরঞ্জামই নয়; হেলিকপ্টারের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনি কর্মকর্তাদেরও দুর্গম ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এরই মধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছেন।
খাগড়াছড়ি আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারন করেছে প্রশাসন।