সারা বাংলা

গাংনীতে দুইটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে একটি দোকান থেকে দুইটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় রিমন (১৮) নামে এক তরুণকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রিমনের ওয়েল্ডিং দোকানে অভিযান চালিয়ে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। রিমন উপজেলার ষোলটাকা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রিমনের দোকানে অভিযান চালায় সেনা সদস্যরা। এ সময় দোকান থেকে দুইটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার এবং রিমনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার উদ্দেশে বস্তুগুলো দোকানে রাখা হয়েছিল।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, “সেনাবাহিনী দুইটি ককটেলসদৃশ বস্তু উদ্ধারসহ একজনকে আটক করেছে। রিমনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন।”