মাদারীপুর-৩ আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়ে শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কালকিনি কলেজ রোডে স্থানীয় জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি।
সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, “আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খোকন ভাইকে ধন্যবাদ জানাই। আমরা দু’জন একমত হয়েছি মাদারীপুর-৩ আসনের ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা চেষ্টা করব।”
নির্বাচন পরিচালনা ও প্রশাসনের কিছু কার্যক্রমে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিগত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে কিছু ভোটকেন্দ্রকে ভোটাররা ঝুঁকিপূর্ণ মনে করছেন। ওইসব ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোকলেছুর রহমান, কালকিনি উপজেলা আমীর মাওলানা এনামুল হক, প্রধান এজেন্ট প্রফেসর জামান মিয়া, কালকিনি উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হোজায়ফা মোল্লা, ডাসার উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেত্রী মোর্শেদা কনা, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রিফাত হোসেন এবং কালকিনি পৌরসভার নায়েবে আমীর মাওলানা এস এম শাহ আলমসহ অন্যান্য নেতারা।