সারা বাংলা

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পাবনা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য জানান। 

ওসি মুস্তাফিজার রহমান জানান, আজ সকালে শাহজাদপুর ট্রাভেলস নামে একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।