সারা বাংলা

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে করি না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিগত ১৫ বছরে নির্বাচনে এতো কারচুপি হয়েছে, এতো ইঞ্জিনিয়ারিং হয়েছে যে, মানুষ মনে করে না একটা ভালো নির্বাচন হতে পারে। মাথার মধ্যে সব সময় ওই জিনিসটা কাজ করে। এবার ইলেকশেন ইঞ্জিনিয়ারিং হবে বলে আমি মনে করি না।” 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

সুষ্ঠু ভোট হবে উল্লেখ করে মির্জা ফখরুল জানান, মানুষ তাদের অধিকার ভোটের মাধ্যমে প্রয়োগ করবে। সবাই যার যার পছন্দের প্রার্থীকে সুন্দর পরিবেশে ভোট দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাঠ পর্যায়ে যেসব সরকারি কর্মকর্তারা কাজ করবেন তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সুষ্ঠু ভোটের পরিবেশ ঠিক রাখতে যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এমনটি প্রত্যাশা করছি।”