সারা বাংলা

নারায়ণগঞ্জে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নারায়ণগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব শাড়ির আনুমানিক দাম ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ভ্যানের ভেতর থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। শাড়িগুলো দেশের বাজারে বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছিল। অভিযানে পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ এক পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা শাড়িগুলো বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেছেন, “চোরাচালান ও পণ্য পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”