সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে বগুড়ায় এনে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানিয়েছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে বগুড়ায় আনেন আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান। পরে তিনি ভুক্তভোগীকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। ঘটনাটি অস্বীকার করলে সাদিয়া রহমান মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তকালে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরে আদালত অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।