শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানায়, মজিবর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
প্রশাসন সূত্র জানায়, মজিবর রহমানের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বসতবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে রুমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। তার সঙ্গে মজিবরের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ সময় তার বসতঘরে তল্লাশি চালানো হলে পিস্তল কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, ‘‘বসতঘর তল্লাশি করে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। নারীসহ তাকে পুলিশি হেফাজতে দেয়া হয়েছে।’’
এ প্রসঙ্গে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ‘‘যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। পরিবার বলছে ওই নারীর সঙ্গে তার বিয়ে হয়েছে। ব্যাপারটি আমরা খতিয়ে দেখছি।’’