কুষ্টিয়ার মিরপুর উপজেলার খন্দকবাড়ীয়া গ্রামে মিরপুর মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ নাশকতার চেষ্টা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, কিছু দুর্বৃত্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য রাতের অন্ধকারে মহিলা ডিগ্রি কলেজের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে ভুল করে মহিলা ডিগ্রি কলেজের পাশের মুনিরা খাতুনের বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে। মুনিরা খাতুন বাড়ি থেকে রাস্তায় এসে বিদ্যুতের তারে আগুন লাগানোর কিছু সরঞ্জাম দেখে চিৎকার করলে আগুন লাগানোর তরল পদার্থ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মুনিরা খাতুন সাংবাদিকদের জানিয়েছেন, বাড়িতে বিদ্যুৎ না দেখে তিনি বাড়ির বাইরে যান এবং পাশের বাড়িতে বিদ্যুৎ দেখে রাস্তায় আসলে দুজন অজ্ঞাত ব্যক্তি তাকে দেখে কলসভর্তি পেট্রোল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামকে মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেছেন, “কলেজ থেকে ফোন করে আমাকে জানানো হয়েছে। তবে, অগ্নিকাণ্ড ঘটেনি। দুর্বৃত্তরা প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গেছে এবং তারা তদন্ত করছে।”