সারা বাংলা

হবিগঞ্জের কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে না র‌্যাব

হবিগঞ্জের কোনো ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছে না র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে, নির্বাচন কমিশন যেসব ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, সেসব কেন্দ্রে টহল বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা শহরের জে কে অ্যান্ড এইচ কে হাই স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেছেন, “নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা এরইমধ্যে রেকি করেছি। আমাদের কাছে সেগুলো ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে হয়নি।”

তিনি বলেন, “র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দুষ্কৃতিকারী কোনো নাশকতা ঘটাতে পারে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।”

মো. সাজ্জাদ হোসেন বলেন, “প্রতিদিনই টহল টিম প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করছে। সংশ্লিষ্ট এলাকার ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করছে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা ঝুঁকিভিত্তিক নিরাপত্তা বিশ্লেষণ করেছি। সে অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছি। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে যেকোনো ধরনের নাশকতা সৃষ্টি, গুজব ছড়ানো এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আগেই শনাক্ত ও প্রতিহত করা যায়।”