লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছি। এ পরিবেশে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমার বিশ্বাস, এই শান্তিপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে এসব কথা বলেন এ্যানি।
এ্যানি বলেন, “নির্বাচনে আমরা যেন সঠিক নেতৃত্ব এবং প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করতে পারি। লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আমি সবসময় সবার পাশে আছি, থাকব।”
এসময় বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে লক্ষ্মীপুরে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৬ লাখ ৫ হাজার মানুষ।