বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা বলতে পারি, রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবগুলোতেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় পাবেন এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের সবগুলোতেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি।
তিনি বলেন, তারেক রহমান শাসক নয়, সেবক হবেন। তিনি সারা বিশ্বকে দেখিয়ে দেবেন, কীভাবে একটা দেশ দুঃসময় কাটিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তারেক রহমানও এই দেশের মানুষের কাছে সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
ভোটের পরিবেশ শান্তিপূর্ণ দেখে সন্তোষ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে। এই দেশে দিনের ভোট রাতে হয়, ভোট ছাড়া সরকার হয়। এবার তা হবে না। জনগণ তাদের ইচ্ছেমতো প্রতিনিধি নির্বাচন করবেন বলে আমি আশা করি।
মিনু বলেন, মানুষ চায় শান্তি। তারা চায় কর্মসংস্থান। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা এই দেশের মানুষের জন্য কাজ করব। রাজশাহীর মানুষের যে প্রত্যাশা, ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি- সে তো আমরা শুরু করব।
এ সময় মিজানুর রহমান মিনুর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।