শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
সহকারী রিটানিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক এ তথ্য জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সহকারী রিটানিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব্যালট পেপার বাক্সে ফেলানোর আগেই তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে জানতে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।