বগুড়ার সাতটি আসনে তিন ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে তিনি এ তথ্য জানান।
এর আগে সারাদেশের ন্যায় সকাল সাড়ে ৭টা থেকে বগুড়ার সাতটি সংসদীয় আসনের ৯৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটাররা উৎসবমূখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে যান।
বগুড়ার ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। জেলার ৯৮৩টি কেন্দ্রের মধ্যে ৫০০টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসন থেকে। এবারের নির্বাচনে ৯টি রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বগুড়ার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
সূত্র জানায়, জেলায় ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রায় ১৩০০ সদস্য, বিজিবির ২৪ প্লাটুন, র্যাবের ১২৮ সদস্য, পুলিশের প্রায় ২২৬৬ সদস্য এবং আনসারের ১২ হাজার ৭৭৯ জন সদস্য মোতায়েন রয়েছে। প্রতি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সদস্য নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রেসিসিটিভি স্থাপন করা হয়েছে এবং ৫০০টি বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।