সারা বাংলা

‘কাজ এগিয়ে রাখার জন্য’ রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসারের অগ্রীম স্বাক্ষর

মাদারীপুর-২ (রাজৈর) আসনের ৮৪ নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রীম স্বাক্ষর নিয়েছেন প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ। তিনি সর মঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের নজরে এলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। 

ঘটনাটি জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করেন।

এ প্রসঙ্গে মাহফুজ উল আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন, “কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।